দাখিলের কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অনুপস্থিত ছিল ৭ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে ৭ জন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ‘নিয়ন্ত্রণ কক্ষ’ থেকে এসব তথ্য জানানো হয়েছে। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) বাংলা-২ পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ১৬৮ জন।
নিয়ন্ত্রণ কক্ষের তথ্যানুযায়ী- মাদ্রাসা বোর্ডের অধীনে সারাদেশে ৭১৮টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৪৮ হাজার ৪১৭ জন। তাঁদের মধ্যে উপস্থিত ছিল ২ লাখ ৪০ হাজার ৮৩৭ জন। অনুপস্থিত ৭ হাজার ৬৬০ জন। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে ৭ জন। মোট শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিতির হার ৩ দশমিক শূন্য ৮ শতাংশ।
অন্যদিকে, কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) ৭০৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৬ হাজার ২০৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৪ হাজার ২৩৫ জন। অনুপস্থিত ১ হাজার ১৬৮ জন। এছাড়া কারিগরিতে বহিষ্কার হয়েছে ১১ শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিতির হার ১ দশমিক ৭০ শতাংশ।
আরএস