শাবিপ্রবি শিক্ষার্থীদের রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি

শাবিপ্রবি প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪, ০৪:৫৬ পিএম

কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের এক সুবিশাল পদযাত্রা ক্যাম্পাসের গোলচত্বর থেকে শাবিপ্রবি গেইট, সুবিদবাজার ও রিকাবিবাজার (৬ কি.মি.) প্রদক্ষিণ করে  দুপুর ২ টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ে যায় এবং জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এর আগে গণ-পদযাত্রায় সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন।

এসময় শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘৭১ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘আপোশ না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ? রাজপথ রাজপথ’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধা হত্যার অপর নাম কোটা প্রথার জয়গান’, ‘মুক্তিযুদ্ধের চেতনা কোটা প্রথা মানে না’, ‘চলছে দাবি চলবে, কোটার শিকড় জ্বলবে’।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার করতে আমরা সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটা সংস্কারের জন্য আইন পাস করতে হবে।

এছাড়া শিক্ষার্থীদের নামে করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। অন্যথায় আমাদের যৌক্তিক অধিকার আদায়ে আমরা আন্দোলন চালিয়ে যাব।

বিআরইউ