প্রধান শিক্ষক সরানোর পাঁয়তারা, শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪, ০৭:২০ পিএম

মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের প্রধান প্রধান শিক্ষক জিনাত ফারহানাকে ষড়যন্ত্র করে সরানোর পায়তারার অভিযোগে মানববন্ধন করেছে বিদ্যালয়টির শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা। শনিবার (১৭ আগস্ট) মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি স্কুলের সামনে তারা এই মানববন্ধন করেন।

মানববন্ধন থেকে তারা অভিযোগ করেন, বিপাশা ইয়াসমিন, খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত জান্নাতুল নাঈম মিলি, আফরোজা আক্তার বেবী, আব্দুল হান্নান এবং বহিষ্কৃত শিক্ষক শাহীন বিশ্বাস মিরাজসহ স্থানীয় কিছু আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত প্রভাবশালী স্কুলের নিয়ন্ত্রণ নিতে শিক্ষার্থীদের নানা ভয়-ভীতি দেখানো সহ মিথ্যা অভিযোগ এনে প্রধান শিক্ষক জিনাত ফারহানার পদত্যাগ দাবি করছেন।

মানববন্ধনে অংশগ্রহণ শিক্ষকরা বলেন, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট বৃহত্তর মিরপুরের একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের বর্তমান প্রধান শিক্ষক জিনাত ফারহানা অত্যন্ত সুনাম ও সফলতার সাথে দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি ১৯৯৭ সালে এই প্রতিষ্ঠানে প্রথম যোগদান করেন, পরবর্তীতে ২০১৩ সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে এবং সর্বশেষ ২০২২ সালে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।২০১৩ সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি অত্যন্ত সফলতার সাথে এই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা করে আসছেন এবং প্রতিষ্ঠানের উন্নয়ন সাধন করেছেন।

এই শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন বিপথগামী চাকুরিচ্যুত শিক্ষক যারা এমপিওভুক্ত নন এবং এডহক কোটায় নিয়োগপ্রাপ্ত, তারা প্রতিষ্ঠানের ভিতরে অরাজকতা সৃষ্টি করছে। কিছু কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে মেসেঞ্জার ওর হোয়াটসঅ্যাপ গ্রুপে জঘন্য মিথ্যাচার ও বানোয়াট অভিযোগ প্রচার করছে। ক্ষমতাশীল রাজনৈতিক দলের প্রভাব ব্যবহার করে এতোদিন “এমপির লোক” হিসেবে পরিচয় দিত, তারাই পট পরিবর্তনের সাথে সাথে ভোল পাল্টিয়ে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের আওয়ামী লীগের সমর্থক হিসেবে বানোয়াট অভিযোগ প্রচার করছে।

শিক্ষার্থীরা মানববন্ধন থেকে অভিযোগ করেন, মিরপুর গার্লস আইডিয়ালের শিক্ষিকা বিপাশা ইয়াসমিন স্কুলে এসেও টিকটক করেন একই সাথে তাদেরকে টিকটকে উৎসাহ প্রদান করেন। একইসাথে শিক্ষিকা বিপাশার ব্যবহার গত সমস্যা নিয়ে অভিযোগ তোলেন তারা। মানববন্ধন থেকে তারা ‘দফা এক দাবি এক অন্যায় নিপাত যাক’ মানতে হবে মানতে হবে, প্রধান শিক্ষকের পদে জিনাত ফারহানা ম্যামকে রাখতে হবে’ সহ নানা স্লোগান দেন তারা।

আরএস