বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত সিএসসি ফেস্ট-২০২৪ এর জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় দেশের সকল বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দল ‘সাস্ট ফ্যানাটিকস’।
শুক্রবার (১ নভেম্বর) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের শীর্ষ ১১৩টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা হয় শাবিপ্রবির দলটি।
চ্যাম্পিয়ন সাস্ট ফ্যানাটিকস দলের সদস্যরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান নাঈম (২০১৭-১৮ শিক্ষাবর্ষ), আলফেহ সানি (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) এবং সারওয়ার রিফাত (২০২০-২১ শিক্ষাবর্ষ)। প্রতিযোগিতায় শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে আরও পাঁচটি দল অংশ নেয়, যাদের মধ্যে ফাইমডেসাং অষ্টম, সাস্ট আন্ডার প্রিভিলাইজড কিডস ১৩তম, সাস্ট মাইগ্রোসেনা ১৯তম, সাস্ট রোলডব্যাক ৬৮তম এবং সাস্ট জুভেনাইল ৭৮তম স্থান অর্জন করে।
বিজয়ী দলের সদস্য আলফেহ সানি বলেন, “প্রতিযোগিতায় আমাদের ১২টি সমস্যা সমাধানের জন্য ৫ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। আমাদের দল কম সময়ে ৭টি সমস্যা সমাধান করে চ্যাম্পিয়ন হয়। ঢাবির দলও ৭টি সমস্যা সমাধান করলেও, তারা আমাদের তুলনায় বেশি সময় নেয়ায় দ্বিতীয় হয়।”
বিআরইউ