সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছাত্র সংসদ নির্বাচন হয়ে থাকে। আমরাও আশা করছি শিগগিরই শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থী ও ছাত্রনেতাদের সহযোগিতা প্রয়োজন। যদি তারা সংঘাতে জড়িয়ে পড়ে কিংবা পাঠদানের ব্যাঘাত ঘটায়, তাহলে ক্ষতি হবে। আমরা চাই তারা লেখাপড়ার পাশাপাশি উৎসবের আমেজে নির্বাচনে অংশ নিক। এর মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি পাওয়া যাবে, যারা প্রশাসনের কাছে শিক্ষার্থীদের দাবি তুলে ধরতে পারবে।”
কবে নির্বাচন হবে—এ বিষয়ে উপাচার্য আরও জানান, বর্তমানে ক্যাম্পাসে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে, যা অক্টোবরের ১৫ তারিখের দিকে শেষ হবে। এর পর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আগামী দুই–তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে। পাশাপাশি হল সংসদের গঠনতন্ত্র চূড়ান্ত করার কাজও শেষ হবে। পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন।
ইএইচ