চাকসু নির্বাচনে ব্যালটে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ভোটের অভিযোগ

আশিকুর রহমান, চট্টগ্রাম প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০২:৩১ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ভোট গ্রহণের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ছাত্রদল ও ছাত্র শিবির উভয় সংগঠনের পক্ষ থেকেই একই অভিযোগ আনা হয়।

শিবির সমর্থিত প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী ইব্রাহীম রনি আমার সংবাদকে বলেন,“আমাদের এজেন্ট ফোন করে জানিয়েছে—আইটি ভবনের ২১৪ নম্বর কক্ষে ১৫-২০টি ব্যালট পেপার প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই বাক্সে ফেলা হয়েছে। স্বাক্ষর ছাড়া কোনো ব্যালট বৈধ নয়। পরে শুনেছি, নির্বাচন কমিশন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি এজেন্টদের উপস্থিতিতে যাচাই করবে।”

তিনি আরও বলেন, “প্রিসাইডিং অফিসাররা বিষয়টিকে ভুলবশত হয়েছে বলে দাবি করছেন। কিন্তু যদি এটি সত্যিই ভুল হয়, তাহলে অন্য কেন্দ্র বা বুথে একইভাবে হচ্ছে না—তার নিশ্চয়তা কে দেবে?”

অভিযোগের বিষয়ে আইটি ভবন কেন্দ্রের ২১৪ নম্বর কক্ষের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং অফিসার অধ্যাপক ড. হাসান খালেদ রউফ বলেন,“মোট ১২টি ব্যালটে এমন ভুল হয়েছে। পোলিং এজেন্টদের অভিজ্ঞতার অভাবে এই ভুল হয়েছে। তারা প্রথমবার ভোট প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। তবে এখানে সিসিটিভি ক্যামেরা আছে, সব কিছু স্বচ্ছভাবে হচ্ছে। সমস্যা হবে না।”

তিনি আরও জানান, “নির্বাচন কমিশন ঘটনাস্থলে এসে বিষয়টি যাচাই করে সিদ্ধান্ত নেবে।”

ইএইচ