বুড়িগঙ্গা রক্ষায় জামায়াতের এমপি প্রার্থীর মানববন্ধন ও ম্যারাথন

জবি প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৩:৫১ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নানের উদ্যোগে বুড়িগঙ্গা নদী রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯ টার দিকে বুড়িগঙ্গা নদীতীরে সদরঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এর আগে ভোর সাড়ে ছয়টার দিকে "রান উইথ ড. মান্নান" ম্যারাথনের আওতায় ইত্তেফাক মোড় থেকে কয়েক হাজার পুরান ঢাকাবাসী সদরঘাট পর্যন্ত হেঁটে আসেন। ম্যারাথনে অংশগ্রহণকারীদের হাতে ছিল “আর নয় অবহেলা, আধুনিক হবে পুরান ঢাকা” লেখা প্ল্যাকার্ড।

মানববন্ধনে “বুড়িগঙ্গা বাঁচাও, ঢাকা বাঁচাও”, “আর নয় দূষণ, ফিরিয়ে দাও নদীর জীবন” ইত্যাদি স্লোগান উচ্চারিত হয়।

কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে ড. আব্দুল মান্নান বলেন, “এই ম্যারাথনের মূল লক্ষ্য হলো নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং সবাইকে একসাথে নিয়ে পুরান ঢাকাকে একটি উন্নত ও আধুনিক নগরীতে রূপান্তরের আহ্বান জানানো। পুরান ঢাকা আমাদের ঐতিহ্য, কিন্তু আধুনিকতার স্পর্শ থেকে বঞ্চিত। আমরা চাই একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক পুরান ঢাকা— যেখানে নাগরিক সুযোগ-সুবিধা ও ঐতিহ্য দুটিই সমান গুরুত্বে থাকবে।”

ম্যারাথন শেষে সদরঘাট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে তিনি আরও বলেন, “বুড়িগঙ্গা শুধু একটি নদী নয়, এটি ঢাকার প্রাণ। অথচ অবহেলা ও দূষণে আজ এটি মৃত্যুপথযাত্রী। আমরা চাই নদী পুনরুদ্ধারের জন্য সরকারের কার্যকর উদ্যোগ এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ।”

ড. আব্দুল মান্নান আরও বলেন, “বুড়িগঙ্গা বাঁচলে পুরান ঢাকা বাঁচবে, আর পুরান ঢাকা বাঁচলে আমাদের ঐতিহ্য ও অর্থনীতি বাঁচবে। এই আন্দোলন কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি আমাদের সবার অস্তিত্ব রক্ষার দাবি।” তিনি আধুনিক পুরান ঢাকা গঠনের জন্য সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৬ আসনের নির্বাচন পরিচালক জনাব কামরুল আহসান হাসান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য রুহুল আমিন, মীর বাহার আমিরুল ইসলাম, মাওলানা নেসার উদ্দিন, জামায়াত নেতা রবিউল ইসলাম, ঢাকা-৬ আসনের অন্তর্গত সকল থানা জামায়াতের আমির ও সেক্রেটারিবৃন্দ। তারা বক্তব্যে নদী রক্ষায় দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণয়ন ও কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান।

ইএইচ