জাকসুতে সাহিত্যিকদের নিয়ে পত্রিকা সম্পাদনা বিষয়ক প্রশিক্ষণ 

জাবি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০১:১২ পিএম

সরকার ঘোষিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে বাংলা একাডেমিতে ডাকসু ও জাকসুর যৌথ উদ্যোগে ডাকসু, জাকসু এবং হল সংসদসমূহের নির্বাচিত সাহিত্য সম্পাদকদের নিয়ে দিনব্যাপী ‘পত্রিকা সম্পাদনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাংলা একাডেমিতে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। 

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক তারিক মনজুর, ফিরোজ আহমেদ, চঞ্চল আশরাফ ও ড. এ. কে. এম. কুতুবউদ্দিন। 

কর্মশালায় ডাকসু ও জাকসুর হল পর্যায়ের সকল নির্বাচিত সাহিত্য সম্পাদক অংশগ্রহণ করেন।

সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা এবং বিশেষ অতিথি ছিলেন জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক জি. এম. মিজানুর রহমান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং জাকসুর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম। 

সঞ্চালনা করেন বাংলা একাডেমির ফোকলোর উপবিভাগের উপপরিচালক ড. সাহেদ মন্তাজ। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিল বাংলা একাডেমির প্রশিক্ষণ (ভাষা) উপবিভাগ।

চারটি সেশনে ‘বানান ও প্রুফরিডিং, ভাষা সম্পাদনা, লেখা বাছাই ও মূল্যায়ন এবং মুদ্রণ ও প্রকাশনার চূড়ান্ত ধাপ’ বিষয়ে কার্যক্রম পরিচালিত হয়। সেশনগুলো পরিচালনা করেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর, বাংলা একাডেমির উপপরিচালক ড. এ. কে. এম. কুতুবউদ্দিন, সাহিত্যিক ও সাংবাদিক চঞ্চল আশরাফ এবং লেখক, গবেষক ও সম্পাদক ফিরোজ আহমেদ।

সবশেষে বাংলা একাডেমির পরিচালক জি. এম. মিজানুর রহমান ও সচিব ড. সেলিম রেজার বক্তব্য এবং অংশগ্রহণকারীদের সনদ প্রদান শেষে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

ইএইচ