বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণা কার্যকরী এবং সরকারি নীতিনির্ধারণ ও প্রণয়নে ভূমিকা রাখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের গবেষণা, বৈশ্বিক র্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণে শিক্ষকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
বৃহস্পতিবার নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এর সেমিনার কক্ষে ‘ইম্প্যাক্টফুল রিসার্চ, গ্লোবাল র্যাঙ্কিং ফর ইউনিভার্সিটি অ্যান্ড গভর্নমেন্ট পলিসি সাপোর্ট’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ। প্রশিক্ষণে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে কেবল গবেষণাপত্র প্রকাশে সীমাবদ্ধ না রেখে, তা যেন জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কার্যকর প্রভাব ফেলতে পারে এবং সরকারের বিভিন্ন নীতি প্রণয়নে সরাসরি সহায়তা করতে পারে—সেদিকে মনোনিবেশ করতে হবে। রিসার্চকে ল্যাব পর্যায় থেকে মার্কেট পর্যায়ে নিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, রিসার্চের ক্ষেত্রে কমার্শিয়ালাইজেশন খুব গুরুত্বপূর্ণ বিষয়। এতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের উৎস তৈরি হয়। এছাড়াও সরকারি ফান্ডের রিসার্চগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবদান রাখার সুযোগ রয়েছে। বর্তমানে গবেষণায় নোবিপ্রবি ভালো করছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিবকে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, র্যাঙ্কিং নিয়ে বেশ কিছুদিন ধরে আমরা কাজ করছি। রিসার্চকে আমরা কিভাবে আরও ইম্প্যাক্টফুল করতে পারি এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা পেতে পারি তা নিয়ে কাজ করতে হবে। দেশ এবং বিশ্বের কল্যাণে আমাদের গবেষণা ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে হবে। রিসার্চ এবং র্যাঙ্কিং উভয় ক্ষেত্রেই সমস্যা ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। রিসোর্স পারসন হিসেবে ছিলেন নোবিপ্রবি সমুদ্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল মোমিন সিদ্দিকী ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহদ হুসাইন। প্রশিক্ষণে কোর্স ডিরেক্টর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও প্রভোস্টবৃন্দ অংশগ্রহণ করেন।
ইএইচ