ঢাবি কেন্দ্রীয় মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

ঢাবি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৬:৪০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাংলা‌দেশী জাতীয়তাবাদী বিশ্বাসী ঢাবি শিক্ষক‌দের সংগঠন সাদা দলের উদ্যোগে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন মসজিদের সিনিয়র ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ।

ঢাবি সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপ‌তি‌ত্বে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. ইসমাইল হোসেন, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, স্টেট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর আখতার হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর সদরুল আমিন, ঢা‌বি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. আবুল কালাম সরকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক মো. লুৎফর রহমান, আইবিএ’র অধ্যাপক ড. মহিউদ্দিন, ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ সহ বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষক-‌শিক্ষার্থী, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মেডিক্যাল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

জেএইচআর