শাহবাগে ৫ কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০১:১২ পিএম

ঢাকার পাঁচটি সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশের কারণে ভবিষ্যৎ অনিশ্চয়তার অভিযোগে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়কটি বন্ধ করে দেন। শিক্ষার্থীরা স্কুলিং মডেল বাতিল এবং উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখার দাবি জানান।

ঢাকা কলেজের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, “স্কুলিং মডেল বাস্তবায়ন হলে পাঁচটি কলেজেই উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের অস্তিত্ব থাকবে না। তাই আমরা প্রতিবাদে পথে নামেছি এবং যতক্ষণ না এই পদ্ধতি বাতিল হবে, আন্দোলন চলবে।”

অন্যদিকে, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতেও শিক্ষার্থীরা পদযাত্রা ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং জানিয়েছে, অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় ১২ নভেম্বর জানিয়েছে, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

জেএইচআর