নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন

শরীফুল ইসলাম, জাককানইবি প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৪:০৯ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ৯টার দিকে নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম জাতীয় পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলনের পর বিজয় র‍্যালি শুরু হয়, যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চির উন্নত মম শিরে এসে শেষ হয়। র‍্যালির শেষে মুক্তিযুদ্ধের আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে বলেন, "যে সকল মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, অর্থ দিয়েছেন এবং বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করেছেন তাঁদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর ত্রিশালবাসী যেভাবে এই দিনটি অনুভব করেছিল, আজ আমরা সেই চেতনার ধারক। সেই সময় বাঙালি সর্বপ্রথম একত্রিত হয় এবং রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক বঞ্চনা থেকে মুক্তি পেতে শুরু করে। ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়। আমরা আশা করি, ত্রিশাল মুক্ত দিবস ও বিজয় দিবসের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা ও মুক্তি ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকবে।"

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ত্রিশাল মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এ এইচ এম কামাল।

ত্রিশাল মুক্ত দিবস উদযাপন করে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা দেশের মুক্তি ও স্বাধীনতার প্রতি তাদের অঙ্গীকার পুনঃস্মরণ করেন।

ইএইচ