স্পাইক ফেস্ট ২০২৫ ভলিবল টুর্নামেন্ট: ব্র্যাক ইউনিভার্সিটির মেয়েরা চ্যাম্পিয়ন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:৫৮ পিএম

ব্র্যাক ইউনিভার্সিটির নারী দল ‘স্পাইক ফেস্ট ২০২৫’ আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে। রোমাঞ্চকর শিরোপা নির্ধারণী ম্যাচে তারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নারী দলকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, ছেলেদের আসরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দল ফাইনাল ম্যাচে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে গত ৭ ও ৮ ডিসেম্বর ২০২৫, দুদিনব্যাপী এই আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে প্রাণবন্ত এ প্রতিযোগিতা ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছিল।

নারী বিভাগের ফাইনাল ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় পূর্ণ। ব্র্যাক ইউনিভার্সিটি রোমাঞ্চকর লড়াইয়ে ২-১ সেটে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেয়েদের পরাজিত করে শিরোপা জিতে নেয়।

রুদ্ধশ্বাস ফাইনালের প্রথম সেটটি ড্যাফোডিল ইউনিভার্সিটি ১১-১৫ ব্যবধানে জিতে নেয়। দ্বিতীয় সেটে ব্র্যাক ইউনিভার্সিটি ঘুরে দাঁড়ায় এবং ১৫-১০ পয়েন্টে এই সেটটি জিতে খেলায় সমতা ফেরায়। শিরোপা নির্ধারণী চূড়ান্ত সেটে অসাধারণ দৃঢ়তা দেখিয়ে ১৫-১১ পয়েন্টে ম্যাচটি জিতে নেয় স্বাগতিক ব্র্যাক ইউনিভার্সিটির মেয়েরা।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলোর হাতে ট্রফি তুলে দেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম এবং রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল অফ জেনারেল এডুকেশনের ডিন সামিয়া হক, ওয়ান ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ কর্পোরেট লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট একেএম সালাহউদ্দীন খান, এসএমসি প্লাস এর চিফ ফাইনান্সিয়াল অফিসার আবদুল বশির খান, পূবালী ব্যাংকের জেনারেল ম্যানেজার এবং ডিভিশন হেড ফাইজুল হক শরীফ, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রবিউল আলম, জেনারেল ম্যানেজার শাহিন শাহরিয়া, এবং স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

টুর্নামেন্টে ছেলেদের বিভাগে অংশগ্রহণকারী দলগুলো ছিল- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ব্র্যাক ইউনিভার্সিটি।

নারী বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হলো- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এবং ব্র্যাক ইউনিভার্সিটি।

জেএইচআর