যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে।
সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যার নেতৃত্বে এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবিরের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি টিএসসি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাস ও সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
র্যালি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর। পরবর্তীতে বিভিন্ন অনুষদের ডিন, হল সুপার, পরিচালকবৃন্দ এবং শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
বিজয় দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল ১০টায় টিএসসি প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর কেন্দ্রীয় মাঠে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে ১৫ ডিসেম্বর সন্ধ্যা থেকেই প্রশাসনিক ভবন, শহীদ মিনার ও টিএসসি সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে।
ইএইচ