যে কারণে পেছাতে পারে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ১২:২৬ পিএম

শিক্ষাক্রম পরিবর্তন ও শুধুমাত্র দশম শ্রেণির সিলেবাসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের পর এবার ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র রমজান এবং ঈদুল ফিতরের কারণে আগামী বছরের এই পাবলিক পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে অন্তত তিন মাস পিছিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারির শুরুতে এসএসসি পরীক্ষা শুরু হলেও ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপরই শুরু হবে পবিত্র রমজান মাস। রোজা ও ঈদের ছুটির মধ্যে পরীক্ষা আয়োজন প্রায় অসম্ভব বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, বিদ্যমান পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে প্রতীয়মান হচ্ছে।

অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার রোববার রাতে জানান, "পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত না হলেও ফেব্রুয়ারিতে আয়োজনের সুযোগ নেই। করোনা মহামারির ধকল কাটিয়ে সময়সূচি স্বাভাবিক করার চেষ্টা চললেও বিশেষ পরিস্থিতিতে আগেও একাধিকবার তারিখ পরিবর্তন করতে হয়েছে।" উল্লেখ্য, ২০২৪ সালে ফেব্রুয়ারিতে পরীক্ষা হলেও ২০২৫ সালে তা পিছিয়ে ১০ এপ্রিল শুরু হওয়ার কথা রয়েছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর শুরু হয়ে চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। তবে পরীক্ষা শুরুর সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। 

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বা আগামী সপ্তাহের মধ্যে বোর্ডগুলোর সভায় এপ্রিলের শুরুতে পরীক্ষা নেওয়া যায় কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তবে এপ্রিলের শুরুতে পরীক্ষা শুরু করলে ঈদুল আজহার আগে ফলাফল প্রকাশ ও পরবর্তী শিক্ষা কার্যক্রম শেষ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সব দিক বিবেচনা করে শিগগিরই সম্ভাব্য সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে আশ্বস্ত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

ইএইচ