বেগম খালেদা জিয়ার কবরে শেকৃবি বৃহত্তর বগুড়া সমিতির শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ১০:৩০ পিএম

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ‘বৃহত্তর বগুড়া সমিতি’র পক্ষ থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 

শনিবার সন্ধ্যায় রাজধানীর জিয়া উদ্যান এলাকায় উপস্থিত হয়ে সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ হলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ইউট্যাবের যুগ্ম মহাসচিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এফএম আমিনুজ্জামান রিপন, সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক নুর মহল আক্তার বানু, অধ্যাপক ড. মো. জাহেদুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ মো. নজরুল ইসলাম সুলতান, ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মাহবুবুল আলম এবং সহকারী কন্ট্রোলার মহিদুল ইসলাম পলাশ।

শ্রদ্ধা নিবেদন শেষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এফএম আমিনুজ্জামান রিপন বলেন, ‘‘দেশ তাদের প্রকৃত অভিভাবককে হারিয়েছে; দেশের আপামর জনগণের মতো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘বৃহত্তর বগুড়া সমিতি’ আজ গভীরভাবে শোকাহত। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে দেশ পুনর্গঠনে কার্যকর ভূমিকা রাখতে হবে।’’

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি বাংলাদেশের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মো. নাহিয়ান হোসেনসহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘বৃহত্তর বগুড়া সমিতি’র সদস্যবৃন্দ। 

মোনাজাতে উপস্থিত সকলে মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করেন।

ইএইচ