রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) নিজেই টেলিফোনে শিক্ষার্থীদের এই সুখবরটি জানিয়েছেন।
উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হওয়ার পর থেকেই রাজধানীর কলেজগুলোতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা একে তাঁদের দীর্ঘ আন্দোলনের চূড়ান্ত বিজয় হিসেবে দেখছেন।
শিক্ষার্থীদের বিজয়োল্লাস বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা কলেজের সামনে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে এই খবর পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে আসা ফোনের মাধ্যমে অধ্যাদেশ অনুমোদনের বিষয়টি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। তাঁরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র নামে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সমন্বয়কদের প্রতিক্রিয়া আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, আমাদের দেড় বছরের দীর্ঘ আন্দোলন আজ সফল হয়েছে। শিক্ষা উপদেষ্টা নিজেই ফোন করে উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজপথে আন্দোলন করে আসছিলেন। এই অধ্যাদেশ অনুমোদনের মাধ্যমে সেই দাবি এখন বাস্তব রূপ নিতে যাচ্ছে।
জেএইচআর