অনলাইন সফটওয়্যারের আওতায় নজরুল বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী ও শিউলিমালা হল

শরীফুল ইসলাম, জাককানইবি প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:২৫ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দুটি বড় আবাসিক হল বিদ্রোহী হল ও শিউলিমালা হল এখন থেকে অনলাইন সিট অ্যালটমেন্ট ও রেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের আওতায় এসেছে। ফলে শিক্ষার্থীদের হল অফিসে এসে ভাড়া সংক্রান্ত তথ্য জানার প্রয়োজন আর থাকছে না।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্রোহী হল (আসন সংখ্যা ১ হাজার ২৮৪) এবং শিউলিমালা হল (আসন সংখ্যা ১ হাজার ১৪৮)-এর সিট অ্যালটমেন্ট ও হল ভাড়া ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ অনলাইন সফটওয়্যার তৈরি করা হয়েছে। ইতোমধ্যে বিদ্রোহী হলের সকল তথ্য সফটওয়্যারে ডাটা এন্ট্রি সম্পন্ন হয়েছে। অপরদিকে শিউলিমালা হলের ডাটা এন্ট্রির কাজ চলমান রয়েছে।

ডাটা এন্ট্রি সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীরা অনলাইনে তাদের সিট অ্যালটমেন্ট ও ভাড়া সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন। এজন্য শিক্ষার্থীদের www.hallrent.knubd.xyz ওয়েবসাইটে প্রবেশ করে অনার্সের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করতে হবে।

বিশেষভাবে বিদ্রোহী হল ও শিউলিমালা হলের আবাসিক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো হয়েছে, সিট অ্যালটমেন্ট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সফটওয়্যারটি ডেভেলপ করা হয়েছে। ডাটা এন্ট্রির কাজ শেষ হলে আবাসিক ছাত্রীরা উক্ত ওয়েব পোর্টালের মাধ্যমে সিট অ্যালটমেন্ট ও হল ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে হল ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমবে।

ইএইচ