বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হিজাব র্যালি, মানববন্ধন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এসব কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে হিজাব বিতরণ করা হয়।
রোববার বেলা দুইটায় ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও উম্মে উসওয়াতুন রাফিয়ার নেতৃত্বে একটি হিজাব র্যালি বের করা হয়।
র্যালিটি উপাচার্য চত্বর থেকে শুরু হয়ে টিএসসি প্রাঙ্গণে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হিজাবকে মর্যাদা ও স্বাধীনতার প্রতীক হিসেবে তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।
র্যালি শেষে রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, হিজাব কেবল একটি পোশাক নয়; এটি নারীর ধর্মীয় বিশ্বাস ও আত্মমর্যাদার অবিচ্ছেদ্য অংশ। সাম্প্রতিক সময়ে হিজাব পরিহিত নারীদের হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিকেলে টিএসসি অডিটোরিয়ামে ‘হিজাব: মর্যাদা ও স্বাধীনতার প্রতীক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে আলোচক হিসেবে বক্তব্য দেন তারবিয়াহ এডুকেশন নেটওয়ার্কের চেয়ারম্যান অধ্যাপক মোখতার আহমাদ, শিক্ষক ও গবেষক ড. নাজমুন নাহার এবং আস সাহওয়া ইনস্টিটিউট অব নলেজের পরিচালক রাইসা রিফাত জুইন। বক্তারা হিজাবের ধর্মীয়, সামাজিক ও নৈতিক গুরুত্ব তুলে ধরেন।
ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা তাসনীম, গবেষক সুমাইয়া রাবেয়া এবং ডাকসুর সম্পাদক উম্মে সালমা।
ডাকসুর সদস্য সাবিকুন্নাহার তামান্না ও উম্মে উসওয়াতুন রাফিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেন।
ইএইচ