জামায়াত আমিরের বক্তব্যের প্রতিবাদে ইডেন কলেজ শিক্ষার্থীদের

মোকার্রেমা খাতুন, ইডেন কলেজ প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:২৯ পিএম

কর্মজীবী নারীদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শাফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। 

রোববার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে এ প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে ছাত্রদল কর্মী নীপা খান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অগ্রগতিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রপ্তানি আয়, শিক্ষা, স্বাস্থ্য ও সেবা খাতে নারীদের কর্মসংস্থান দেশকে এগিয়ে নিচ্ছে। অথচ গত ৩১ জানুয়ারি রাতে ডা. শাফিকুর রহমান তার এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) কর্মজীবী নারীদের নিয়ে যে মন্তব্য করেছেন, তা চরম অবমাননাকর ও আপত্তিকর।

তিনি আরও বলেন, গার্মেন্টস শ্রমিক, শিক্ষক, অ্যাডভোকেট, প্রকৌশলী ও চিকিৎসকসহ বিভিন্ন পেশায় নারীরা দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। এই বক্তব্য নারীদের মেধা ও ক্ষমতায়নকে দমিয়ে রাখার একটি স্পষ্ট বার্তা। একজন চিকিৎসকের স্বামী হয়ে তিনি এ ধরনের মন্তব্য কীভাবে করলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলন থেকে ডা. শাফিকুর রহমানকে দেশের সকল নারীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। একই সাথে ভবিষ্যতে নারীবিদ্বেষী বক্তব্য থেকে বিরত থাকার দাবি জানান শিক্ষার্থীরা।

ইএইচ