ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইংরেজি বিভাগ থেকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন মো. আহসান হাবীব। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭২তম সিন্ডিকেট সভায় আনুষ্ঠানিকভাবে তার এ ডিগ্রি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
তার গবেষণার বিষয় ছিল “Identity and Multiculturalism in Postcolonial Society: A Critical Study of the Selected Novels of Khushwant Singh”। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মেহের আলীর তত্ত্বাবধানে তিনি সফলভাবে গবেষণাকর্ম সম্পন্ন করেন।
গবেষণায় প্রখ্যাত সাহিত্যিক খুশবন্ত সিং-এর নির্বাচিত উপন্যাস বিশ্লেষণের মাধ্যমে উত্তর-ঔপনিবেশিক সমাজে পরিচয় সংকট ও বহুসাংস্কৃতিক বাস্তবতার একটি গভীর সাহিত্যিক পর্যালোচনা তুলে ধরা হয়েছে। যা সমসাময়িক উত্তর-ঔপনিবেশিক সাহিত্যতত্ত্বে একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পিএইচডি ডিগ্রি অর্জনের এ সাফল্যে ড. আহসান হাবীব মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ গবেষণা জীবনে যাদের সহযোগিতা ও দিকনির্দেশনায় তিনি এগিয়ে যেতে পেরেছেন শৈশব থেকে শুরু করে উচ্চশিক্ষার সকল স্তরের শিক্ষকবৃন্দ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সহকর্মী এবং পরিবারের সদস্যদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ড. আহসান হাবীব জনাব ইমান আলী ও সুফিয়া বেগমের জ্যেষ্ঠ পুত্র। উচ্চতর এই ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি ভবিষ্যতে শিক্ষা ও সাহিত্য গবেষণায় আরও সক্রিয় ও গঠনমূলক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এএন