মেয়েদের হলে ডাকসুর বিনা মূল্যের টিকাদান শুরু, প্রথম দিন টিকা নিলেন ৬০০ শিক্ষার্থী

মো. জাহিদুল ইসলাম, ঢাকা প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১১:১৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলে বিনা মূল্যে টিকাদান কর্মসূচি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রথম দিনেই প্রায় ৬০০ শিক্ষার্থী টিকা গ্রহণ করেছেন।

সোমবার কবি সুফিয়া কামাল হলে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা টিকাদান কার্যক্রমে হলের আবাসিক ও অনাবাসিক মিলিয়ে প্রায় ৬০০ শিক্ষার্থী অংশ নেন। 

পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের আরও চারটি হলে একই ধরনের টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে বলে জানিয়েছে ডাকসু।

কর্মসূচির আওতায় টিটেনাস, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা এবং টাইফয়েডের টিকা বিনা মূল্যে দেওয়া হয়। এসব টিকার বেসরকারি মূল্য সাধারণত ২ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত। 

এ ছাড়া ভ্যাটমুক্ত মূল্যে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ও প্রয়োজনীয় আরও কিছু টিকা দেওয়ার ব্যবস্থা রাখা হয়।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না বলেন, নারী শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে এ বিনা মূল্যের টিকাদান কর্মসূচি আয়োজন করা হয়েছে। হলপর্যায়ে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সাবিকুন্নাহার তামান্না জানান, যেসব টিকার জন্য বেসরকারিভাবে ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ব্যয় হয়, সেগুলো সিটি করপোরেশনের সহযোগিতায় সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হচ্ছে। শুধু পুশিং চার্জ হিসেবে ৩০ টাকা নেওয়া হয়েছে। টিকাদান শিক্ষার্থীদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রামক ও প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষা দেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি সুফিয়া কামাল হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক তাহমিদা আকবর, ডাকসুর কার্যনির্বাহী সদস্য নাফিসা সামিহা মাইশা ও ফাহিমা শারমিন শাকিসহ অন্যরা।

ইএইচ