বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ইয়ুথ আইডিয়া কনটেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রশিবিরের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠান চলে।
শুক্রবার সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ শাহাবুদ্দিনের পিতা মো. রফিকুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীরা আজ ঐতিহাসিক এক প্রয়োজনে ছাত্রশিবির প্রতিষ্ঠা করেছিল। শিক্ষার্থীদের কল্যাণ ও তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছে এ সংগঠন। জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতি আজীবন স্মরণ রাখবে।
‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ড. ওয়ারেসুল করিম বলেন, আশেপাশে থাকা সব সম্পদ ও সুযোগ কাজে লাগিয়ে তরুণদের এগিয়ে যেতে হবে। মা-বাবার স্বপ্ন পূরণ ও নৈতিক গুণাবলি অর্জনের মাধ্যমেই প্রকৃত সফলতা আসবে।
আয়োজকেরা জানান, জাতীয় ও সামাজিক সমস্যার সমাধান, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যেই এ ‘ইয়ুথ আইডিয়া কনটেস্ট’ আয়োজন করা হয়েছে।
শিবিরের আন্তর্জাতিক সম্পাদক মুতাসীম বিল্লাহ শাহেদী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রশিবিরের আয়োজনে এ কনটেস্ট হচ্ছে। সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হচ্ছে।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম ও সেক্রেটারি আব্দুল আলিম আরিফসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
ইএইচ