বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অর্থনীতি বিভাগের রিসার্চ সেমিনার অ্যান্ড ওয়ার্কশপ ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী ‘গবেষণা পদ্ধতি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অর্থনীতি বিভাগের গ্যালারি রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অর্থনীতি বিভাগের প্রভাষক সাইফুদ্দিন খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কেবল পাঠ্যবইয়ের পড়া এবং পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান সৃষ্টির কেন্দ্র, আর জ্ঞান সৃষ্টির প্রাণ হচ্ছে গবেষণা। জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে গবেষণার কোনো বিকল্প নেই।
অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোর্শেদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের গবেষকেরা রিসোর্স পারসন হিসেবে অংশ নেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. বেলাল উদ্দিন ও প্রভাষক মিন্টু বড়ুয়া।
কর্মশালায় বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী এ কর্মশালা শেষে শিক্ষার্থীরা গবেষণার বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেছেন বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেছেন।
ইএইচ