কোন দলের সমর্থক ঢাবি শিক্ষক মোনামি, জানালেন নিজেই

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৮:০৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরিন আমিন ভূঁইয়া মোনামি নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা বক্তব্য দিয়েছেন। 

শুক্রবার বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি নিজেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একনিষ্ঠ সমর্থক হিসেবে দাবি করেন।

সম্প্রতি জামায়াতে ইসলামীর বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি দেখে অনেকেই তাঁকে দলটির সমর্থক হিসেবে ধারণা করেছিলেন। তবে মোনামি তাঁর পোস্টে স্পষ্ট করেছেন যে তিনি মূলত ১১ দলীয় জোটের সক্রিয় সমর্থক ছিলেন। তিনি জানান যে অনেকে তাঁকে জামায়াত বা শিবিরের সাথে সম্পৃক্ত মনে করলেও তিনি এতে কোনো অস্বস্তি বোধ করেন না।

মোনামি নিজেকে মধ্যপন্থী মনে করলেও নেটিজেনদের একাংশ তাঁকে ডানপন্থী হিসেবে বিবেচনা করেন। এই প্রসঙ্গে তিনি বলেন যে অন্যদের বিশ্বাসে তাঁর কোনো আপত্তি নেই। তবে তিনি জোর দিয়ে বলেন যে তিনি কোনোভাবেই ইসলামবিদ্বেষী নন এবং ইসলাম ধর্ম নারী-বিরোধী এমন ধারণায় তিনি বিশ্বাস করেন না।

ফেসবুক পোস্টে এই শিক্ষক আরও উল্লেখ করেন যে তিনি একজন উদারপন্থী হিসেবে ব্যক্তিগত ও ধর্মীয় পছন্দ-অপছন্দ নির্বিশেষে সবার অধিকারের পক্ষে কথা বলতে পছন্দ করেন। তিনি তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে যারা অস্বস্তিতে আছেন, তাঁদেরকে দূরে থাকার অনুরোধ জানিয়েছেন।

শেহরিন আমিন ভূঁইয়া মোনামি অল্প সময়েই নানা কারণে আলোচনায় এসেছেন। তাঁর এই ফেসবুক পোস্টটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে তাঁর এই স্পষ্টবাদিতাকে স্বাগত জানিয়েছেন, আবার অনেকে তাঁর রাজনৈতিক মতাদর্শ নিয়ে নানা মন্তব্য করছেন।

জেএইচআর