বাজেট সীমাবদ্ধতায় স্থবির নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’ প্রকল্প

শরীফুল ইসলাম, জাককানইবি প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১২:০৮ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এ ‘জুলাই-২৪ স্কয়ার’ প্রকল্প দেড় বছর পার হয়ে গেলেও বাজেট সংকটের কারণে এখনো বাস্তবায়ন শুরু হয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ছাত্র-জনতার আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু স্কয়ার’ ও শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় ‘বঙ্গবন্ধু স্কয়ার’-এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘জুলাই-২৪ স্কয়ার’।

সরেজমিনে দেখা গেছে, নাম পরিবর্তনের দেড় বছর পার হলেও স্কয়ারটির সংস্কার বা পুনর্নির্মাণের কাজ এখনো শুরু হয়নি। বর্তমানে এর সিঁড়ি ও অবকাঠামোর কয়েকটি অংশ ভাঙা অবস্থায় পড়ে আছে।

শিক্ষার্থীদের অভিযোগ, নাম পরিবর্তন করা হলেও স্কয়ারটির উন্নয়ন বা রক্ষণাবেক্ষণে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, ‘জুলাই-২৪ স্কয়ার’ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও নকশার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে উন্নয়ন বাজেট সীমিত থাকায় এখনো কাজ শুরু করা যায়নি। নির্বাচিত সরকার থেকে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।

তিনি আরও জানান, প্রকল্পের ব্যয় তুলনামূলক বেশি হওয়ায় বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। তবে প্রশাসনের পক্ষ থেকে আগামী জুলাই মাসের আগেই কাজ শেষ করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে উপাচার্যের সঙ্গে নিয়মিত আলোচনা হচ্ছে।

পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পেলে আগের ‘বঙ্গবন্ধু স্কয়ার’-এর ফাউন্ডেশন ব্যবহার করে ‘জুলাই-২৪ স্কয়ার’ নির্মাণের বিকল্প পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

শিক্ষার্থীরা বলছেন, আন্দোলনের স্মৃতি বহনকারী এই স্থানটি বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। তাই দ্রুত স্কয়ারটি সংস্কার করে নতুনভাবে গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।

এএন