শিক্ষামন্ত্রী

কারিগরি শিক্ষাই হবে কর্মসংস্থান সৃষ্টির প্রধান চালিকাশক্তি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৩:১৯ পিএম

দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে আধুনিক, যুগোপযোগী এবং বাজারভিত্তিক করার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন। 

বুধবার সকালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষাকে যুগের চাহিদা অনুযায়ী গড়ে তুলতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) জোরদার করতে হবে। একই সঙ্গে শিল্প খাতের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ সৃষ্টি এবং কারিকুলাম ও সিলেবাস আধুনিকায়নের কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও জানান, কারিগরি শিক্ষার বিভিন্ন সূচক ও কেপিআই (KPI) প্রাথমিকভাবে পর্যালোচনা করা হয়েছে। এসব বিষয় আরও গভীরভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে। তিনি বলেন, তাত্ত্বিক শিক্ষার চেয়ে ব্যবহারিক ও কর্মমুখী প্রশিক্ষণের ওপর বেশি জোর দিতে হবে এবং এর জন্য বিদ্যমান প্রশিক্ষণ ব্যবস্থার যথাযথ পর্যালোচনা প্রয়োজন।

বিশ্বের অনেক উন্নত দেশে জনসংখ্যা হ্রাসের উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের বিপুল জনশক্তি আমাদের জন্য একটি বড় সুযোগ। এই জনশক্তিকে যদি দক্ষ করে তোলা যায়, তবে বাংলাদেশ বিশ্বে একটি শক্তিশালী মানবসম্পদসমৃদ্ধ রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এ লক্ষ্য অর্জনে পলিটেকনিক ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর নির্দেশ দেন তিনি।

জেএইচআর