জবিতে তৃতীয় পর্যায়ের ভর্তি শুরু ৫ মার্চ

জবি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৪:২২ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ায় দ্বিতীয় মেধাতালিকা থেকে চূড়ান্ত ভর্তি আগামীকাল ৫ মার্চ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে। আগামী ১০ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি নিশ্চিত করতে পারবেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিতীয় মেধাতালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা ৫ মার্চ দুপুর ১২টা থেকে ৯ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (https://jnuadmission.com) থেকে ফি জমা দিতে পারবেন।

অনলাইনে ফি জমা দেওয়ার পর ৫ মার্চ থেকে ১০ মার্চের মধ্যে (সকাল ৮টা থেকে বিকাল ৪টা) সংশ্লিষ্ট ডিন অফিসে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি চূড়ান্ত করতে হবে। বিজ্ঞান ও লাইফ সায়েন্স অনুষদসহ ব্যবহারিক বিষয়গুলোর জন্য ভর্তি ফি ১২ হাজার ৬৩০ টাকা এবং বিজনেস স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের জন্য ১০ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ডিন অফিসে জমা দেওয়ার জন্য শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, ভর্তি পরীক্ষার স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড, অনলাইন থেকে প্রিন্টকৃত ভর্তি ফরম এবং ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাথে আনতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১১ মার্চ (বুধবার) চতুর্থ মেধা তালিকা প্রকাশ করা হবে।

জেএইচআর