ঢাবিসহ তিন বিশ্ববিদ্যালয়ে আসতে পারে নতুন উপাচার্য, আলোচনায় যারা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০১:২৩ পিএম

দেশের তিনটি গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পরিবর্তনের আভাস পাওয়া গেছে। একাধিক সূত্র জানিয়েছে, আজ সোমবারই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)- এই তিন প্রতিষ্ঠানে নতুন উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেউ বিষয়টি নিশ্চিত করে বলতে চাননি।

সূত্র মতে, বাউবির বর্তমান উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নিজ বিশ্ববিদ্যালয় ঢাবির উপাচার্য হিসেবে দায়িত্ব পেতে পারেন। সে ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বাউবির উপাচার্য হিসেবে দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা চলছে।

অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক রেজাউল করিমকেও আজই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। তার স্থলাভিষিক্ত হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনকে বিবেচনা করা হচ্ছে। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি।

তিন বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য উপাচার্য হিসেবে আলোচনায় থাকা তিনজনের মধ্যে দুজন সোমবার দুপুরে জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তাদের কথা হয়েছে। তবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন তারা।

এদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজও দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। সোমবার সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি জমা দেন।

ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের নাম আলোচনায় রয়েছে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান যদি ইউজিসির দায়িত্ব না পান, তাহলে সরকারের অন্য কোনো গুরুত্বপূর্ণ দপ্তরে তাকে দায়িত্ব দেওয়া হতে পারে।

সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে সম্ভাব্য এই পরিবর্তন নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে এখন সবার নজর সরকারি প্রজ্ঞাপনের দিকে।

এএন