ছাদ থেকে পড়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

শরীফুল ইসলাম, জাককানইবি প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ১১:২৭ এএম

ময়মনসিংহ শহরে একটি বাসার ছাদ থেকে পড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম উম্মে হাবিবা রিজু। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার বিকেল প্রায় ৫টার দিকে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন রিজু। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উম্মে হাবিবা রিজুর স্বামী মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তারা ময়মনসিংহ শহরের ওই বাসায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, ‘আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’

এদিকে তার আকস্মিক মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও পরিচিতজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।