জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জবি ছাত্রশক্তির মানববন্ধন

জবি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৩:১৪ পিএম

জুলাই সনদ এবং গণভোটের জনরায় দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে আয়োজিত এই মানববন্ধনে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রশাসনিক সংস্কার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

শাখা ছাত্রশক্তির সদস্য সচিব শাহিন মিয়া বলেন, যারা জুলাই বিপ্লবকে অস্বীকার করার চেষ্টা করছে, তাদের সতর্ক থাকতে হবে। ২০২৪ সালে হাজার হাজার শিক্ষার্থীর রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ভূলুণ্ঠিত করা হলে পালানোর জায়গা থাকবে না। তিনি বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা এবং বিসিবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্বজনপ্রীতি বন্ধের দাবি জানান।

সংগঠনের আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে পাশ কাটিয়ে কোনো ধরনের দলীয় স্বার্থ হাসিল করা যাবে না। আওয়ামী আমলের রাষ্ট্রপতিকে বহাল রাখা এবং পিএসসিতে দলীয় লোক বসানোর চেষ্টার সমালোচনা করেন তিনি। একই সঙ্গে পৃথক বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের আইন পাস করে জনমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানান।

যুগ্ম-আহ্বায়ক ফেরদৌস শেখ তাঁর বক্তব্যে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে, কোনো দাসত্বের নয়। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমেই নতুন বাংলাদেশের প্রকৃত লক্ষ্য অর্জিত হবে বলে মনে করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

জেএইচআর