বিশ্ব পোষা প্রাণী দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও এক বর্ণাঢ্য ‘ক্যাট শো’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে ‘পেট লাভার্স অফ বিএইউ’-এর উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
আয়োজনে ‘যেমন খুশি তেমন সাজো’, প্রদর্শনী ও র্যাম্প শো-তে অংশ নেয় ময়মনসিংহ নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য পোষা বিড়াল। বিড়ালের প্রতি মমত্ববোধ ছড়িয়ে দেওয়া এবং সঠিক লালন-পালন বিষয়ে সচেতনতা বৃদ্ধিই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম এবং স্বাগত বক্তব্য দেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিড়ালের র্যাম্প শো। লালগালিচায় বিড়ালদের নান্দনিক উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে। এছাড়া বিড়ালের সাধারণ রোগব্যাধি নিয়ে প্রবন্ধ উপস্থাপন এবং অংশগ্রহণকারী বিড়ালদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিনেশনের সুবিধা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সেরা বিড়ালকে ‘ক্যাট অফ দ্য শো’ ঘোষণা করা হয়।
সভাপতির বক্তব্যে মো. আতিকুর রহমান বলেন, প্রাণীর প্রতি মমত্ববোধ মানুষের মানবিক গুণাবলির বহিঃপ্রকাশ। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও একজন প্রাণীপ্রেমী মানুষ। এ ধরণের আয়োজন শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি দেওয়ার পাশাপাশি প্রাণিকল্যাণে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, পোষা প্রাণীর পৃষ্ঠপোষকতায় বাকৃবির এই আন্তরিকতা প্রশংসনীয়। বিড়ালপ্রেমীরা যেন বৈজ্ঞানিক গাইডলাইন মেনে প্রাণীর যত্ন নেন, যাতে পরিবারে একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকে।
উৎসবমুখর এই আয়োজনে নিবন্ধিত অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট, নেক বেল্ট ও স্ন্যাকসের পাশাপাশি দর্শকদের জন্য ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র।
জেএইচআর