জবিতে দুই দিনব্যাপী উদযাপিত হবে পহেলা বৈশাখ

জবি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৬:২২ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল (বুধবার) পর্যন্ত চলবে এই উৎসব। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও বিনোদনমূলক কার্যক্রমের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেবে বিশ্ববিদ্যালয়টি।

প্রথম দিনের কর্মসূচিতে সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হবে। এরপর আয়োজিত হবে বৈশাখী মেলা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য। এ ছাড়া দিনব্যাপী শুভেচ্ছা বিনিময়, সংগীতানুষ্ঠান এবং নাট্য পরিবেশনা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনার পাশাপাশি লোকসংগীত ও ব্যান্ড সংগীতের বিশেষ আয়োজন থাকবে।

দ্বিতীয় দিন ১৫ এপ্রিল বিকেলে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে এবং ব্যান্ড সংগীতের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই আয়োজন সফল করার আহ্বান জানিয়েছে। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও পরীক্ষা যথারীতি চলমান থাকবে।

জেএইচআর