নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী মেলা ১৪৩৩’ অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০২:৫৬ পিএম

বাংলা নববর্ষের উচ্ছ্বাস, রঙ ও ঐতিহ্যকে ধারণ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বৈশাখী মেলা ১৪৩৩’। গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস ক্লাবের আয়োজনে এই বর্ণিল মেলাটি সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহৎ ও সফল এই সাংস্কৃতিক আয়োজনটি শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আকর্ষণীয় মিলনমেলায় রূপ নেয়।

বিশ্ববিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে আয়োজিত এই মেলাটি রঙিন ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় সাজানো হয়েছিল, যা বৈশাখের চিরায়ত আবহকে ফুটিয়ে তোলে। মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফরা নিজস্ব স্টল স্থাপন করেন। এসব স্টলে বাঙালির ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প এবং লোকজ সংস্কৃতির নানা উপকরণ প্রদর্শিত হয়, যা আগত দর্শনার্থীদের বিশেষভাবে নজর কেড়েছে।

আয়োজন সম্পর্কে সোশ্যাল সার্ভিসেস ক্লাবের প্রেসিডেন্ট খালিদ বিন মোর্শেদ রামীম বলেন, বৈশাখী মেলা এমন একটি আয়োজন, যা বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। আমরা একটি আন্তরিক পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছি এবং সবার অংশগ্রহণই ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি। আশা করি, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই ধারা বজায় থাকবে।

উৎসবের আমেজে আয়োজিত এই মেলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এক নিবিড় মেলবন্ধন তৈরি করেছে। মেলার মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের সমৃদ্ধ ধারা নবীন প্রজন্মের কাছে আরও প্রাণবন্ত ও অর্থবহ হয়ে উঠেছে।

জেএইচআর