জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে চলমান কর্মসূচি ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিবের ঘটনায় ভিত্তিহীনভাবে ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
মঙ্গলবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে এক সংবাদ সম্মেলনে এ দাবি করে তারা।
সংবাদ সম্মেলনে জবি শাখা শিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল ২০তম আবর্তনের এক শিক্ষার্থীকে ছাত্রশিবির নেতা সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং তার বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে। কোনো ব্যক্তি যদি ফৌজদারি অপরাধের সাথে যুক্ত থাকে, তবে দেশের আইন ও বিশ্ববিদ্যালয়ের আইনের মাধ্যমে তার বিচার নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তিগত ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে জাতীয় এবং বিশ্ববিদ্যালয়ের চলমান মূল সমস্যাকে ধামাচাপা দেওয়ার যে অপচেষ্টা ছাত্রদলের ভাইয়েরা করছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমরা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখতে প্রশাসনের নিকট আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আমরা ছাত্রশিবির ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ভিকটিমের ন্যায়বিচার নিশ্চিত করতে সব সময় পাশে আছি। বিগত সময়গুলোতে দায় দেওয়ার রাজনীতি যা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল করে এসেছে, তা এখনো করে যাচ্ছে।
এছাড়াও তিনি সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সমস্যাগুলো তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে শিবিরের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সভাপতি আব্দুল আলীম আরিফ, সাবেক সভাপতি রিয়াজুল ইসলামসহ শিবিরের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএন