ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের ফলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৮:২১ পিএম

সিরাজগঞ্জে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় জটিলতা ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের দেখা দেওয়ায় খাজা ইউনূস আলী বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হয়। এ সিদ্ধান্ত আগামী ২৫ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সমস্যার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ক্লাস ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

তবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম বৃহস্পতিবার যথারীতি চলবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত সময় শেষে পুনরায় সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু করা হবে।

এএন