জাতীয় কবি কাজী কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের ডরমিটরিতে সঙ্গীত বিভাগের এক ডেমোনস্ট্রেটরকে এক ছাত্রীর সাথে আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। আটক দীপংকর সেনগুপ্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের তবলা বিষয়ের ডেমোনস্ট্রেটর হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সোমবার রাতে ওই শিক্ষার্থীকে শিক্ষক-কর্মকর্তাদের ডরমিটরিতে প্রবেশ করতে দেখা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে শিক্ষার্থীরা নজরদারি শুরু করেন। একপর্যায়ে ডরমিটরির ভেতরে প্রবেশ করে দুজনকে একসাথে দেখতে পেয়ে শিক্ষার্থীরা তাদের আটক করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের হেফাজতে নেয়। জানা গেছে, অভিযুক্ত দীপংকর সেনগুপ্ত বিবাহিত এবং দুই সন্তানের জনক।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। অভিযুক্ত ডেমোনস্ট্রেটর দীপংকর সেনগুপ্তকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রম সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে আহ্বায়ক এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।
জেএইচআর