জাককানইবিতে হুমায়ূন আহমেদ স্মরণে বর্ণাঢ্য মেলা

শরীফুল ইসলাম, জাককানইবি প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৩:৪০ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মরণে দিনব্যাপী ‘হুমায়ূন মেলা-১৪৩৩’। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের উদ্যোগে আয়োজিত এই মেলার স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘অনুভবে এক আকাশ হুমায়ুন’।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে সকাল থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে এই মেলা।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে হুমায়ূন আহমেদের বিভিন্ন সৃষ্টিকর্ম অবলম্বনে নাটক, গান, লোকসংগীত, নৃত্য পরিবেশনা এবং কবিতা আবৃত্তি। এ ছাড়া দর্শনার্থীদের জন্য থাকছে কুইজ প্রতিযোগিতা, সাহিত্য আড্ডা, নাগরদোলা, পুতুলনাচ এবং গ্রামীণ ঐতিহ্যের অংশ হিসেবে হাঁস ধরা প্রতিযোগিতা।

মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত অভিনেতা ও চিকিৎসক এজাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের অধ্যাপক রহমত আলী এবং অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি। তাঁরা হুমায়ূন আহমেদের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং তাঁর জীবনদর্শন নিয়ে স্মৃতিচারণা করবেন।

নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ইভেন্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট (ব্যবহারিক)’ কোর্সের অংশ হিসেবে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার তত্ত্বাবধানে রয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার।

বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার বলেন, শিক্ষার্থীদের ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে তারা বাস্তব কাজের প্রতিটি ধাপে অভিজ্ঞ হওয়ার সুযোগ পাবে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে হুমায়ূন আহমেদের সাহিত্য ও জীবনদর্শন তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য।

জেএইচআর