জকসু সম্পাদককে থাপ্পড়, ছাত্রদল নেত্রী নেলী বহিষ্কার

জবি প্রতিনিধি প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৬:৫৭ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নেলীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

রোববার উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য এই ঘোষণা দেন।

এর আগে একইদিন জকসুর ভিপি, জিএস ও এজিএস স্বাক্ষরিত এক বিবৃতিতে দুই দফা দাবি উত্থাপন করা হয়। তাঁদের দাবিগুলো হলো- অভিযুক্ত নেলীকে স্থায়ীভাবে বহিষ্কার করা এবং স্বজনপ্রীতির অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি আদায় না হলে ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারিও দেন তাঁরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম। তিনি বলেন, সাময়িক বহিষ্কারের মাধ্যমে প্রশাসন কী বোঝাচ্ছে তা আমাদের কাছে স্পষ্ট নয়। আমরা অভিযুক্তের স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাব এবং আগামীকাল প্রশাসনের সাথে এ নিয়ে আলোচনায় বসব।

বহিষ্কারের বিষয়ে সাদিয়া সুলতানা নেলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বহিষ্কারের বিষয়ে তাঁকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তিনি পরীক্ষা দিয়ে বের হয়েছেন জানিয়ে এ বিষয়ে পরে কথা বলবেন বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জকসুর ক্রীড়া সম্পাদককে প্রকাশ্যে থাপ্পড় মারার অভিযোগ ওঠে নেলীর বিরুদ্ধে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী জর্জিস আনোয়ার নাঈম কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জেএইচআর