বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রাম (২০২৬ ব্যাচ) এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের হাতে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল তুলে দেন ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি। এ সময় কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। উপাচার্যের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষার সভাপতির দায়িত্বে ছিলেন ওপেন স্কুলের অধ্যাপক ড. মোহাম্মদ জাফর আহাম্মদ।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৬ হাজার ৮২৬ জন আবেদনকারীর মধ্যে ৫ হাজার ২১৭ জন পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৫ হাজার ৯৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এতে পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৬৭ শতাংশ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তি পরীক্ষার পুরো কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হয়েছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় ফল প্রকাশ কার্যক্রমও নির্বিঘ্নে শেষ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল দীর্ঘদিন ধরে শিক্ষা থেকে ঝরে পড়া, সুবিধাবঞ্চিত এবং বিকল্প শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৫ মে ২০২৬ থেকে ১৫ জুন ২০২৬ সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এম জি