বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক ভবনে আন্দোলনরত শিক্ষকদের দেওয়া তালা খুলে দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। পরে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরে পুনরায় কাজে যোগ দেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়সহ প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়।
উপাচার্য জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সঙ্গে বৈঠকের পর প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম সচল রাখতে তালা খুলে দপ্তরগুলো চালুর নির্দেশ দেওয়া হয়। এরপর তিনি প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন।
শিক্ষকদের পদোন্নতির দাবির বিষয়ে উপাচার্য বলেন, এ বিষয়ে আগেই সিন্ডিকেট সভায় আলোচনা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুযায়ী পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত রয়েছে।
তবে আন্দোলনরত শিক্ষকরা যে পদে পদোন্নতির দাবি করছেন, সেই প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে তিনি জানান। এ বিষয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনার আহ্বানও জানান উপাচার্য।
এর আগে গত ১১ মে আন্দোলনরত শিক্ষকরা রেজিস্ট্রার কার্যালয়সহ প্রশাসনিক ভবনে তালা দেন। পদোন্নতি ও শিক্ষক সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে গত ২১ এপ্রিল থেকে তারা আন্দোলন চালিয়ে আসছিলেন। পরে কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়।
এদিকে ঈদুল আজহার ছুটি উপলক্ষে বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমও বন্ধ থাকবে।
এম জি