জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি বর্তমানে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর। তবে এর মধ্যে তার অবসর গ্রহণের তারিখ চলে এলে সেই সময় পর্যন্তই তিনি দায়িত্বে থাকবেন। উপাচার্য হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাস প্রাঙ্গণে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
নতুন উপাচার্য হিসেবে ড. মোহাম্মদ মোশারফ হোসেনের নিয়োগের খবরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা আশা প্রকাশ করছেন, তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণায় আরও এগিয়ে যাবে।
জেএইচআর