কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. এম এম শরীফুল করিম।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তিনি ২০০৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগ দেন এবং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি শিক্ষক সমিতির সদস্য।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি ১৯৯৯ সালে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এম জি