চীন যাচ্ছেন ডাকসুর ১৫ নেতা, সাদিক কায়েমকে বিয়ের শুভেচ্ছা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৬:৫৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল সপ্তাহব্যাপী সফরে চীনে যাচ্ছেন।

শুক্রবার চীনা দূতাবাসের কালচারাল কনসালট্যান্ট লি শাওপ্যাং ডাকসু কার্যালয়ে এসে নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এই সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেছেন ডাকসুর সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম।

পোস্টে সাদিক কায়েম উল্লেখ করেন, লি শাওপ্যাং ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের চীন সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি ব্যক্তিগতভাবে তাকে বিবাহিত জীবনের জন্য ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

জানা গেছে, চীনা দূতাবাসের আমন্ত্রণে শনিবার থেকে ডাকসুর ১৫ সদস্যের এই প্রতিনিধিদলটি সপ্তাহব্যাপী চীন সফরে থাকবেন। সফরকালে ডাকসু নেতৃবৃন্দ চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ, শিক্ষা ও গবেষণা কেন্দ্র, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানসহ দেশটির ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন স্থানসমূহ পরিদর্শন করবেন।

জেএইচআর