শাবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক খায়রুল ইসলাম

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৭:২৬ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মো. খায়রুল ইসলাম। একইসঙ্গে বর্তমান উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অধ্যাপক খায়রুল ইসলামকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবেও দায়িত্বে ছিলেন। পাশাপাশি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন উপাচার্যের নিয়োগের মেয়াদ যোগদানের দিন থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার আগ পর্যন্ত বহাল থাকবে-যেটি আগে কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করার নির্দেশনাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এম জি