লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৭, ২০২৬, ০১:৪১ পিএম

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে জানায়, ওই বাংলাদেশিদের বাংলাদেশে প্রত্যাবাসন সফলভাবে সম্পন্ন হয়েছে।

এর আগে ভোর ৫টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের ঢাকায় আনা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

জানা গেছে, প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহায়তায় অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে তাদের অনেকে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

জনসচেতনতা বাড়াতে তাদের এই অভিজ্ঞতা অন্যদের সামনে তুলে ধরার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিত প্রত্যেক ব্যক্তিকে প্রাথমিক সহায়তা হিসেবে পথখরচ, খাদ্যসামগ্রী, চিকিৎসা সেবা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য সংশ্লিষ্ট সব সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে।

এম জি