ইসরায়েলি হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৮, ২০২৬, ০২:৩৬ এএম

লেবাননের বৈরুতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালী আক্তারের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার ৭ মে দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনও কিছু দিয়েই দিপালীকে জীবিত ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শুরু থেকেই বলেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই লক্ষ্যেই আমরা নিরলসভাবে কাজ করছি।

দিপালী আক্তারের আত্মার মাগফিরাত কামনা করে তিনি আরও বলেন, এই রেমিট্যান্সযোদ্ধার পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন, তা করতে আমরা প্রস্তুত। সরকার সবসময় দিপালীর পরিবারের পাশে রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ইরানকে ঘিরে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরুর পর এখন পর্যন্ত আট বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে।

তিনি বলেন, আজ দিপালী আক্তারের মরদেহ দেশে এসেছে। এ নিয়ে ছয়জনের মরদেহ ফিরিয়ে আনা হলো। সৌদি আরবে একজনকে দাফন করতে হয়েছে, কারণ তার মরদেহ দেশে আনার মতো অবস্থা ছিল না। এছাড়া ইরাকে নিহত আরেক বাংলাদেশির মরদেহ এখনো দেশে আনা সম্ভব হয়নি, কারণ সেখানে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

মরদেহ দেশে আনতে বিলম্ব হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ ফিরিয়ে আনতে হয়। ফ্লাইট চালু থাকা, সৌদি আরবসহ সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা পাওয়া এবং প্রয়োজনীয় নিয়মকানুন মেনে চলার কারণে সময় লাগছে। তারপরও আমরা দ্রুততম সময়ে মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতের হামরা এলাকায় কফিলের পরিবারের সঙ্গে অবস্থানকালে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত হন দিপালী আক্তার। প্রাথমিক তথ্যে জানা গেছে, একই হামলায় তার কফিল ও কফিলের পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন। বৈরুতে বাংলাদেশ দূতাবাস কফিলের এক প্রতিবেশীর বরাতে এ তথ্য জানিয়েছে।

এম জি