ইতালিতে বাংলাদেশি কিশোরীকে ধর্ষণ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০২৬, ১২:৫১ এএম

ইতালির ভেনিসে এক বাংলাদেশি কিশোরীকে ধর্ষণের অভিযোগ ঘিরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মেস্ত্রে এলাকার একটি অ্যাপার্টমেন্টে নিজ কক্ষে ১৭ বছর বয়সী ওই কিশোরী যৌন সহিংসতার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি রোববার ১০ মে প্রকাশ পায় এবং কারাবিনিয়েরি পুলিশ ইতিমধ্যে এই পৈশাচিক ঘটনার তদন্ত শুরু করেছে।

অভিযোগ অনুযায়ী, ওই কিশোরী অ্যাপার্টমেন্ট শেয়ার করে অন্যান্য পরিবারের সঙ্গে থাকতেন। সুযোগ পেয়ে ওই অ্যাপার্টমেন্টের একজন পুরুষ রুমমেট কিশোরীটিকে ধর্ষণ করেন। এই ঘটনাটি সামনে আসার পর ইতালির প্রভাবশালী রাজনীতিবিদ এবং মনফালকোনের সাবেক মেয়র আনা সিসিন্ট একে ‘অগ্রহণযোগ্য জঘন্য ঘটনা’ বলে অভিহিত করেছেন। তিনি এবং ভেনিস লীগের নেতা অ্যালেক্স বাজারো সরাসরি অভিযোগ করেছেন , অতিরিক্ত মানুষ গাদাগাদি করে থাকা এবং ‘সাবলেট’ বা ‘রুম শেয়ারিং’ এর আড়ালে চলা কালোবাজারিই এই অপরাধের সুযোগ তৈরি করে দিয়েছে।

স্থানীয় পুলিশ বলেছে, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ায় তাকে বিচারের মুখোমুখি করা হবে।

এম জি