‘হয় তুমি, নয় মৃত্যু’ লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০২৬, ১২:৩৬ এএম

‘হয় তুমি, নয় মৃত্যু’-ফেসবুকে এমন হৃদয়বিদারক বার্তা লিখে ভারতের দিল্লিতে আত্মহত্যা করেছেন বাংলাদেশি শিক্ষার্থী মোস্তাক আহমেদ সাগর (২৫)। 

শনিবার (২৩ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরই তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে পরিবার।

নিহত সাগর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বাসিন্দা মোশারফ হোসেন মিন্টুর ছেলে। তিনি গত তিন বছর ধরে ভারতের দিল্লির ফরিদাবাদ এলাকায় মানব রচনা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড স্টাডিজে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছিলেন।

সাগরের বাবা মোশারফ হোসেন মিন্টু জানান, আত্মহত্যার আগে দেওয়া ফেসবুক পোস্টে ছেলে মা-বাবার কাছে ক্ষমা চেয়ে লেখেন, তিনি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে পড়েছেন। পাশাপাশি তিনি নিজের ভালোবাসার মানুষের উদ্দেশেও আবেগঘন কিছু কথা লিখে যান।

পোস্টে সাগর উল্লেখ করেন, “হয় তুমি, নয় মৃত্যু”-এই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন। কাউকে তার মৃত্যুর জন্য দায়ী না করারও অনুরোধ জানান তিনি। একই সঙ্গে মৃত্যুর পর যেন পোস্টমর্টেম না করা হয় এবং দ্রুত দাফনের ব্যবস্থা করা হয় বলেও লেখেন।

স্ট্যাটাস প্রকাশের পরপরই তার মৃত্যুর খবর দেশে থাকা পরিবারের কাছে পৌঁছায়। খবর পেয়ে স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে আসে। পরিবারের পক্ষ থেকে দ্রুত সাগরের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

এম জি