বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৬:২৯ পিএম

দেশের অন্যতম বৃহত্তম টার্শিয়ারি কেয়ার সরকারি সংবিধিবদ্ধ পূর্ণাঙ্গ বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের এক বছর পূর্তি উদযাপিত হয়েছে।

“শিশু স্বাস্থ্য সুরক্ষাই আমাদের অঙ্গীকার” এই মূলনীতিকে সামনে রেখে বুধবার বেলা সাড়ে ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ বশির উদ্দিন হাসপাতালের সেবার মানোন্নয়নে পরিচালনা বোর্ডের গত এক বছরের কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে শিশুদের জন্য একটি আধুনিক ও বিশ্বমানের চিকিৎসাকেন্দ্রে পরিণত করতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে পরিচালনা বোর্ডের সদস্য সচিব ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক গত এক বছরের উল্লেখযোগ্য উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। 

তিনি জানান, গত বছরের জানুয়ারিতে বোর্ড গঠনের পর থেকে স্থবির হয়ে পড়া অনেক কাজ গতিশীল হয়েছে। এর মধ্যে গত ১৬ এপ্রিল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্ডিয়াক আইসিইউ আকিজ বশির গ্রুপের সহায়তায় পুনর্নির্মাণ করে চালু করা হয়েছে।

এছাড়া ডিএনএ ল্যাবে জেনেটিক অ্যানালাইজার মেশিনের মাধ্যমে থ্যালাসেমিয়া ও স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফির মতো জটিল পরীক্ষা শুরু হয়েছে। বায়োকেমিস্ট্রি বিভাগে নতুন নতুন পরীক্ষার সুবিধা যুক্ত করার পাশাপাশি অত্যাধুনিক ইকো-কার্ডিগ্রাম ও এন্ডোস্কোপি মেশিন স্থাপন করা হয়েছে। জরুরি বিভাগে অবজারভেশন ও রেফারেল ইউনিট এবং এইচডিইউ বিভাগ চালুকরণসহ সার্জিক্যাল আইসিইউ সেবাও সম্প্রসারিত হয়েছে।

সেবার মান বাড়াতে প্রথমবারের মতো বৈকালীন এবং ছুটির দিনে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা চালু করা হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বিভিন্ন দাতা সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে সিআরআরটি মেশিন, পোর্টেবল ইকো কালার ডপলার এবং ফটোকপি মেশিনসহ জীবন রক্ষাকারী আধুনিক যন্ত্রপাতি অনুদান হিসেবে গ্রহণ করা হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ও বারডেম হাসপাতালের প্রাক্তন অধ্যাপক ডা. আবেদ হোসেন মোল্লা এবং বিশিষ্ট ব্যবসায়ী এ. কে. এম আফজাল মনির। এ সময় পরিচালনা বোর্ডের অন্যান্য সদস্যসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইএইচ